খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

Share

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ এবং ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পরপরই নেওয়া হয়েছে ব্যবস্থাও।

দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে। একই সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এক কমিউনিকেশনস এক্সপার্টের।

এ ছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে পাঁচজনের বিরুদ্ধে।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক।

অনুষ্ঠানে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষসহ অংশ নেন বিভিন্ন পর্যায়ের অতিথি, শিক্ষক-কর্মকর্তা ও বিদেশি দূতাবাসের প্রতিনিধিরাও।

অনুষ্ঠান শেষে অতিথিদের উপহার ব্যাগের সঙ্গে দেওয়া হয় ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডার। এরপরই ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় থাকা একটি ছবিতে বিতর্কিত লেখাটি নজরে আসে।

ওই ছবিতে দেখা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে কয়েকজন মোনাজাত করছেন। সামনে রাখা পুষ্পস্তবকের পেছনে বেগম খালেদা জিয়ার ছবিসংবলিত একটি ব্যানার রয়েছে। ব্যানারের প্রথম লাইনে লেখা, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। এর পরের লাইনে বড় অক্ষরে লেখা ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’ এবং তার নিচে রয়েছে ‘কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’।

বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে উপাচার্যের নজরে আনা হয়। পরে তিনি সারা দেশে বিতরণ করা ক্যালেন্ডার প্রত্যাহারের নির্দেশ দেন।

এ বিষয়ে মন্তব্য জানতে উপাচার্য অধ্যাপক এস এম আমানুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় সাময়িক বরখাস্ত চারজনকে এবং নিয়োগ বাতিল করা হয়েছে একজনকে। এ ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটিও।

উপাচার্যের দাবি, ‘এআই দিয়ে ছবি পরিবর্তন করতে গিয়ে জনসংযোগ শাখার এ ভুল হতে পারে।’

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৭ সালের ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলোও ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সূত্রঃ আগামীর সময়