চার বছরের একটু বেশি সময়ের মধ্যে বিশ্বের শীর্ষ তালিকাভুক্ত বিয়ার, ওয়াইন ও স্পিরিট প্রস্তুতকারক কোম্পানিগুলোর বাজার মূলধন সম্মিলিতভাবে ৮৩০ বিলিয়ন ডলার কমেছে। খাতটি এখন বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
প্রায় ৫০টি কোম্পানির শেয়ার নিয়ে তৈরি ব্লুমবার্গের একটি সূচক ২০২১ সালের জুনের রেকর্ড সর্বোচ্চ অবস্থানের চেয়ে ৪৬ শতাংশ নিচে নেমে গেছে। মূলত এ কারণেই বাজার মূলধনের এই বড় পতন ঘটেছে।
মদ্যপানের অভ্যাসে পরিবর্তন এবং স্বাস্থ্য সচেতনতা বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোর আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন শুল্ক, উচ্চ সুদের হারের কারণে ভোক্তাদের ব্যয় কমে যাওয়া এবং কাঁচামালের বাড়তি দাম। এ ছাড়া চীনে ভোক্তাদের আস্থার অভাব এবং সরকারি অনুষ্ঠানে মদ নিষিদ্ধ করার সিদ্ধান্তও এই দরপতনকে আরও উসকে দিয়েছে।
সব মিলিয়ে বিশ্বের জনপ্রিয় সব পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তীব্র চাপের মুখে পড়েছে। বৈশ্বিক শেয়ারবাজারের রেকর্ড উত্থানের সময়েও তারা পিছিয়ে পড়েছে। উল্টো নতুন ব্যবসায়িক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে এসব প্রতিষ্ঠান, যা অনেককেই অবাক করেছে।
মরগান স্ট্যানলির বিশ্লেষক সারাহ সাইমন বলেন, ‘এখানে একটি কাঠামোগত পরিবর্তন ঘটছে—মানুষ এখন আগের তুলনায় কম মদ্যপান করছে।’
চলতি বছর ইউরোপের শীর্ষ প্রতিষ্ঠান ডিয়াজিও পিএলসি (জনি ওয়াকার ও স্মিরনফ ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান), পারনোড রিকার্ড এসএ এবং রেমি কোয়ান্ট্রো এসএ-র শেয়ারের দর অন্তত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জ্যাক ড্যানিয়েলসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাউন-ফরম্যান কর্পোরেশন এবং অস্ট্রেলিয়ার ট্রেজারি ওয়াইন এস্টেটস লিমিটেডের শেয়ারেও একই ধরনের বড় পতন দেখা গেছে। অন্যদিকে, চীনের শীর্ষ বাইজিউ প্রস্তুতকারক কুইচৌ মাওতাই কোম্পানির শেয়ার ২০২১ সালের সর্বোচ্চ অবস্থানের চেয়ে ৪০ শতাংশের বেশি নিচে লেনদেন হচ্ছে।
মরগান স্ট্যানলির বিশ্লেষক সারাহ সাইমনের মতে, অ্যালকোহল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরপতন আরও দীর্ঘায়িত হতে পারে। কারণ পরিবর্তনশীল এই খাতের সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে প্রতিষ্ঠানগুলো কেবল আয় কমে যাওয়ার সমস্যায়ই ভুগছে না, বরং উচ্চমাত্রার ঋণ এবং শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়ের ঘনঘন রদবদল সামলাতেও হিমশিম খাচ্ছে।
বদলে যাচ্ছে মদ্যপানের ধরন
বর্তমানে এই খাতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোক্তাদের অভ্যাসের পরিবর্তন। গত আগস্টে যুক্তরাষ্ট্রে মদ্যপানের হার নিয়ে গ্যালাপের এক জরিপে দেখা গেছে, ১৯৩৯ সালে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এটি এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন সার্জন জেনারেলের মতো প্রতিষ্ঠানের স্বাস্থ্য সতর্কবার্তার কারণে ‘জেনারেশন এক্স’ প্রজন্মের মধ্যে অ্যালকোহলের চাহিদা কমেছে। একই সঙ্গে ‘মিলেনিয়াল’ ও ‘জেনারেশন জি’ প্রজন্মের কাছেও মদ্যপান আগের মতো আকর্ষণীয় বা ফ্যাশনেবল নেই।
তারকাদের মধ্যে মদ বর্জনের প্রবণতা এই পতনকে আরও বাড়িয়ে দিয়েছে; টম হল্যান্ড ও কেটি পেরির মতো তারকারা এখন অ্যালকোহলমুক্ত পানীয়ের প্রচার করছেন। পাশাপাশি ওজেম্পিকের মতো জিএলপি-১ ওজন কমানোর ওষুধের জনপ্রিয়তা এবং গাঁজার মতো বিকল্প পণ্যের আবির্ভাবও অ্যালকোহল বিক্রিতে ভাটা ফেলেছে।
বার্কলেস পিএলসি-র বিশ্লেষক লরেন্স হোয়াট বলেন, ‘মদ্যপানের হার কমার ক্ষেত্রে আমরা বৈশ্বিক আর্থিক মন্দার তুলনায় চার গুণ বেশি প্রভাব দেখছি। বাজার সংশ্লিষ্টদের ধারণা, এখানে এক ধরনের কাঠামোগত পরিবর্তন ঘটেছে এবং আমরা আর অতীতের সেই প্রবৃদ্ধির হারে ফিরে যাচ্ছি না।’
এই সংকট কাটিয়ে উঠতে কোম্পানিগুলোর মধ্যে নতুন চুক্তি এবং অ্যালকোহলমুক্ত পণ্য বাজারে আনার হিড়িক পড়েছে। কার্লসবার্গ এ/এস গত ফেব্রুয়ারিতে অ্যালকোহলমুক্ত সিডার এনেছে এবং ডেভিড ক্যাম্পারি-মিলানো এনভি মে মাসে যুক্তরাষ্ট্রে তাদের অ্যালকোহলমুক্ত পানীয় ‘ক্রোডিনো’ বাজারজাত শুরু করেছে। গত বছর ডিয়াজিও শিকাগো-ভিত্তিক ‘রিচুয়াল জিরো প্রুফ নন-অ্যালকোহলিক স্পিরিটস’ কিনে নিয়েছে। অন্যদিকে, বিলাসবহুল পণ্য নির্মাতা এলভিএমএইচ-এর পানীয় শাখা মোয়েত হেনেসি উচ্চমানের স্পার্কলিং পানীয় প্রস্তুতকারক ‘ফ্রেঞ্চ ব্লুম’-এর মালিকানার অংশীদারত্ব কিনেছে।
অনেক প্রতিষ্ঠানের পদক্ষেপ ছিল আরও কঠোর, যার মধ্যে রয়েছে কাঠামোগত পুনর্গঠন ও কর্মী ছাঁটাই। চলতি বছর ইউরোপের ডিয়াজিও, রেমি কোয়ান্ট্রো ও ক্যাম্পারি, অস্ট্রেলিয়ার ট্রেজারি ওয়াইন, যুক্তরাষ্ট্রের মলসন কুর্স বেভারেজ কোম্পানি এবং জাপানের সানটোরি হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী পরিবর্তন করা হয়েছে। আর চীনের মাওতাই-এ দুই বছরেরও কম সময়ের মধ্যে দুজন চেয়ারম্যান বিদায় নিয়েছেন।
মরগান স্ট্যানলির বিশ্লেষক সাইমন বলেন, ‘যে খাতে এমনিতেই বড় ধরনের পরিবর্তন চলছে, সেখানে হঠাৎ করে শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়েও ব্যাপক রদবদল হওয়াটা বেশ লক্ষণীয়।’ তিনি আরও জানান, ইউরোপের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের অন্যান্য খাতের তুলনায় পানীয় খাতের শেয়ারেই তিনি বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি সতর্ক থাকার (‘আন্ডারওয়েট’) পরামর্শ দিয়েছেন।
বিনিয়োগের ফাঁদ, নাকি সুযোগ?
তবে এই খাত নিয়ে সবাই হতাশ নন। শেয়ারের দর বড় আকারে কমে যাওয়ায় অনেকেই একে কম দামে কেনার সুযোগ হিসেবে দেখছেন। বৈশ্বিক অ্যালকোহল খাতের শেয়ারের হিসাব রাখা ব্লুমবার্গ সূচকটি এখন সম্ভাব্য আয়ের প্রায় ১৫ গুণ দরে কেনাবেচা হচ্ছে, যা ২০২১ সালের সর্বোচ্চ অবস্থানের অর্ধেকেরও কম। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান ‘কুক অ্যান্ড বাইনাম’-এর অংশীদার ও পোর্টফোলিও ম্যানেজার রিচার্ড কুক জানান, তাঁরা ব্রাজিলের বিয়ার পরিবেশক ‘অ্যামবেভ এসএ’ এবং পেরুর বিয়ার প্রস্তুতকারক ‘বাকাস ই জনস্টন’-এ বিনিয়োগ বাড়িয়েছেন। চলতি বছর এই দুই প্রতিষ্ঠানের শেয়ারের দর কমলেও নিজ নিজ বাজারে শক্ত অবস্থান এবং নিয়মিত আয়ের কারণে সেগুলো নিয়ে আশাবাদী কুক।
কুক বলেন, ‘মানুষ মদ্যপান পুরোপুরি ছেড়ে দেবে—এমনটা আমরা মনে করি না।’ তাঁর মতে, উন্নয়নশীল ও উদীয়মান বাজারগুলোতে বিয়ারের বিক্রি আরও বাড়বে এবং সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানিগুলো আরও উন্নত ও বেশি লাভজনক বিয়ার বিক্রি করতে পারবে।
অন্যদিকে, বাজার ঘুরে দাঁড়াবে—এই আশায় বিনিয়োগ করে লোকসানে পড়েছেন অনেকে। এই তালিকায় ‘ভ্যালু ইনভেস্টিং’-এর পরিচিত মুখ ওয়ারেন বাফেটও আছেন। গত বছর বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে করোনা বিয়ারের মূল প্রতিষ্ঠান ‘কনস্টেলেশন ব্র্যান্ডস ইনকর্পোরেটেড’-এর শেয়ার কেনা শুরু করার পর থেকে এর দর প্রায় ৪০ শতাংশ কমে গেছে।
যুক্তরাষ্ট্রের মিলওয়াকিভিত্তিক হেজ ফান্ড ‘আর্টিসান পার্টনার্স লিমিটেড’ গত বছরের শেষ দিকে ডিয়াজিওর শেয়ার ৯০ লাখের কম থেকে বাড়িয়ে ৫ কোটির বেশি করেছে। অথচ ২০২৫ সালে এই শেয়ারের দর প্রায় ৩০ শতাংশ কমে গিয়েছিল।
অ্যালকোহল খাতের এই অনিশ্চয়তাকে এখন তামাক শিল্পের পতনের সঙ্গে তুলনা করা হচ্ছে। বেল অ্যাসেট ম্যানেটমেন্ট লিমিটেডের গবেষণা প্রধান অ্যান্ড্রু গাওয়েন মনে করেন, পাঁচ বছর আগেও এমন পরিস্থিতি কল্পনা করা কঠিন ছিল। তাঁর মতে, বিক্রি কমে গেলে কোম্পানিগুলো খরচ কমাতে এবং অপেক্ষাকৃত কম দামের পণ্য বানাতে বাধ্য হবে। দীর্ঘমেয়াদে এই খাতের ভবিষ্যৎ পরিষ্কার না হওয়ায় তাঁর প্রতিষ্ঠান আপাতত এখানে বিনিয়োগ করছে না।
গাওয়েন বলেন, ‘এই শিল্প প্রায় সাত হাজার বছর ধরে টিকে আছে, তবে সামনে অনেক কিছুই বদলে যেতে পারে।’
টিবিএস