Oplus_131072

ঢাকেশ্বরী মন্দিরের অদূরে চারটি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

Share

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকায় যাওয়ার পথে চারটি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাহির নামের এক নেতাকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি ঢাকেশ্বরী মন্দিরে পেট্রোল বোমা হামলার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক মাহির কামরাঙ্গীরচর থানা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর লালবাগের ইবনে সিনা হাসপাতালের সামনে চেকপোস্টে তল্লাশির সময় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ ও পুলিশের বক্তব্য লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল আহমেদ জানান, রোববার দুপুরে মাহির ও তাঁর সঙ্গে থাকা আরেক যুবক একটি অটোরিকশায় করে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। পথে ইবনে সিনা হাসপাতালের সামনে পুলিশের চেকপোস্ট দেখে তাঁরা অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

ওসি জামিল আহমেদ বলেন, ‘তাঁদের দৌড়াতে দেখে উপস্থিত লোকজন প্রথমে ছিনতাইকারী বলে মনে করেন। পরে স্থানীয় জনতা ও পুলিশ ধাওয়া দিয়ে মাহিরকে ধরে ফেললেও তাঁর সঙ্গে থাকা অপর যুবক পালিয়ে যান। এ সময় মাহিরের হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, ব্যাগের ভেতর পেট্রোল বোমা দেখে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলে পুলিশ দ্রুত মাহিরকে হেফাজতে নেয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক অপর যুবককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনতন্ত্র