হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নেত্রকোনায় নানা কর্মসূচি

Share

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান এই জনপ্রিয় লেখক।

সাহিত্যজীবনে ১৯৭২ সালে হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশিত হওয়ার পর তিনি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেন। এরপর ১৯৭৪ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় উপন্যাস ‘শঙ্খনীল কারাগার’। এই দুটি বইয়ের মধ্য দিয়েই একজন শক্তিশালী লেখক হিসেবে পাঠকদের কাছে প্রতিষ্ঠা পান তিনি। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখকশিবির পুরস্কার ও মাইকেল মধুসূদন পদকসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে লেখকের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে তাঁর নিজ হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, লেখকের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক শোভাযাত্রা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল।

এ ছাড়া বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও চর্চা সাহিত্য আড্ডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দোয়া মাহফিল। একই সময়ে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগেও আয়োজন করা হয়েছে পৃথক আলোচনা সভার।