ডেস্কটপ সংস্করণে বিভ্রাটের কবলে ফেসবুক

Share

বিভ্রাটের কবলে পড়ে আচমকা বন্ধ হয়ে গেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ। আজ রোববার দুপুর থেকে হঠাৎ প্ল্যাটফর্মটির ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন সাধারণ ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিযোগ, তাঁরা ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। এ ছাড়া অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং নিউজ ফিড আপডেট না হওয়ার মতো নানা সমস্যার কথাও জানিয়েছেন অনেকে। ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, আজ দুপুর দেড়টার দিক থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে শুরু করে। এরপর মাত্র কয়েক মিনিটের মধ্যেই অভিযোগকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।