গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন ডাকাতি মামলার এক আসামি। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
পলাতক আসামির নাম সম্রাট হোসেন (২৭)। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামে হলেও তিনি গাজীপুর মহানগরের গাছা থানাধীন তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সদর মেট্রো থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার সম্রাটকে সোমবার বেলা আড়াইটার দিকে আদালতে হাজির করার উদ্দেশ্যে হাজতখানা থেকে বের করে এজলাসের দিকে নেওয়া হচ্ছিল। এই পথেই কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান তিনি।
দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করলেও ধরতে ব্যর্থ হন। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।
এ বিষয়ে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পলাতক সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের একাধিক থানায় ডাকাতির মামলা বিদ্যমান রয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।