ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তার নিয়োগের বিষয়ে ভারত সরকারের কাছে ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব বা এগ্রিমো পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহেই এই প্রস্তাব পাঠানো হয়েছে এবং বর্তমানে ভারতের পক্ষ থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে ঢাকা। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন আসাদ আলম সিয়াম। বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক ও নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করা এই কূটনীতিক ১৯৯৫ সালে ১৫তম বিসিএস ব্যাচের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন।
কর্মজীবনে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ও বিশ্বব্যাংক-আইএমএফে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত, ফিলিপাইনসে রাষ্ট্রদূত এবং ইতালির মিলানে প্রথম কনসাল জেনারেলসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ উইংয়ের ডিরেক্টর জেনারেল, চিফ অব প্রটোকল ও ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টরের দায়িত্বও পালন করেছেন তিনি।
সংশ্লিষ্টদের ভাষ্যমতে, বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক ধরনের সংবেদনশীল পুনর্বিন্যাস পর্যায়ে রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে নানা উত্থান-পতন লক্ষ করা গেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে উভয় পক্ষই সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি ফোনে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা তুলে ধরেছেন।
সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় ভারত সরকার ইতিমধ্যে একাধিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে—ঢাকায় ভারতীয় হাইকমিশন পর্যটক ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে, আংশিকভাবে শুরু হয়েছে যাত্রীবাহী বাস সার্ভিস এবং উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগও বৃদ্ধি পেয়েছে।
সিয়ামের দিল্লি যাওয়ার খবরের সঙ্গে সঙ্গে পররাষ্ট্র সচিব পদে সম্ভাব্য নতুন নিয়োগ নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। সূত্র অনুযায়ী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্র সচিব করা হতে পারে। ১৯৯৮ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়া নোমান চৌধুরী ইতিমধ্যে নেপালে রাষ্ট্রদূত, নয়াদিল্লিতে ডেপুটি হাইকমিশনার এবং জাতিসংঘ মিশনসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসে একাধিক গণমাধ্যমে তার সম্ভাব্য নিয়োগের খবরও প্রকাশিত হয়েছে।