হজযাত্রীদের জন্য ২০২৭ সালের সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকা ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ সফলভাবে শেষ হয়েছে এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও নিবিড় তদারকিতে এবার সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া সেবার মান আরও উন্নত করতে ২০২৭ সালের হজে সৌদি সরকার বেশ কিছু পরিবর্তন এনেছে বলে জানান মন্ত্রী—মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, ক্যাটারিং ও তাঁবু সেবাকে একীভূত সার্ভিস প্যাকেজের আওতায় আনা হয়েছে, আগের চারটির পরিবর্তে এখন তিনটি সার্ভিস প্যাকেজ থাকবে এবং হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে।
সহজ, সাশ্রয়ী ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া আরও কমানো সম্ভব হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী। তিনি জানান, ২০২৫ সালে বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, যা কমিয়ে ২০২৭ সালের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারি হজ প্যাকেজ-১-এর মূল্য ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা, যাতে মক্কায় হারাম শরিফ থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজি এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে, পাশাপাশি মিনায় জোন-২-এ তাঁবু ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। অতিরিক্ত অর্থ পরিশোধে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজের সুযোগও থাকছে।
অন্যদিকে হজ প্যাকেজ-২-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা, যেখানে হারাম শরিফ থেকে দুই থেকে তিন কিলোমিটার এবং মসজিদে নববি থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসন মিলবে। এ প্যাকেজে মিনায় জোন-৫-এ তাঁবু ও মোয়াল্লেমের মাধ্যমে খাবারের ব্যবস্থা থাকবে, এবং হোটেল নির্ধারিত দূরত্বের বাইরে হলে সৌদি বিধান অনুযায়ী সালাওয়াত বাস সেবা রাখতে হবে।
এ ছাড়া বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য ‘সাধারণ হজ প্যাকেজ’ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকায়, যাতে হারাম শরিফ থেকে সর্বোচ্চ তিন কিলোমিটার এবং মসজিদে নববি থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের শর্ত রয়েছে এবং প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জনের থাকার সুযোগ থাকবে।
ধর্মমন্ত্রী স্পষ্ট করে জানান, সরকার নির্ধারিত মানের নিচে কোনো বেসরকারি প্যাকেজ ঘোষণা করা যাবে না এবং প্রতিটি প্যাকেজ হজ পোর্টাল ও সংশ্লিষ্ট এজেন্সির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শুকর, দমে কিরান ও ক্যাটারিং খরচ বাদ দিয়ে কোনো প্যাকেজ ঘোষণার সুযোগও থাকবে না। আগামী বছর বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন, তা নির্ধারিত হবে হজ চুক্তির সময়।
তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীরা এবার নিজেদের অবস্থানরত দেশ থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও ভিসার আবেদন করতে পারবেন, এবং সেখান থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা নিয়েও কাজ চলছে।
সবশেষে মন্ত্রী জানান, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু হবে। হজ পোর্টালে প্যাকেজ বেছে নিয়ে আড়াই লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে, পরে নির্ধারিত সময়ে বাকি অর্থ পরিশোধ করে নিবন্ধন চূড়ান্ত করতে হবে। হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকা আবশ্যক। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী বছরের ৮ এপ্রিল থেকে হজযাত্রা শুরু হয়ে ১৫ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।