সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার, দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

Share

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এক মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাঁকে দুই কর্মদিবস জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মোজাফফর হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখানো এবং দুই দিনের রিমান্ডসদৃশ জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তদন্ত সংস্থাকে দুই কর্মদিবস জিজ্ঞাসাবাদের সুযোগ দেয়।

আদালত আরও নির্দেশ দেন, জিজ্ঞাসাবাদের সময় পর্যন্ত মোজাফফর হোসেন সেনা হেফাজতেই থাকবেন।

এর আগে, ২১ জুলাই ট্রাইব্যুনাল-২ তাঁকে ২৩ জুলাই আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা ২০ মিনিটে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।

চিফ প্রসিকিউটরের করা ‘মিস কেস ১/২৬’ মামলায় মোজাফফর হোসেনের পাশাপাশি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকেও আসামি করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার অভিযোগে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাঁকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাঁর বয়স ৭৭ বছর।