ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্যানটিনকর্মী ও স্ত্রী আটক

Share

খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যানটিনে কর্মরত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মারমুখী আচরণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে তাঁর স্ত্রীকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় ’২৪ হলের গণরুম–সংলগ্ন ওয়াশরুমে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মোবাইল ফোন ব্যবহার করে এক ছাত্রীর ভিডিও ধারণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী অন্যদের জানালে আবাসিক শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন।

পরে নিরাপত্তাকর্মীদের সহায়তায় হলের ক্যানটিনে কর্মরত ইমাম হাসানকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তাঁকে আটকের পর তাঁর স্ত্রী ঘটনাস্থলে এসে উত্তেজনাকর আচরণ করেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর পুলিশ তাঁকেও হেফাজতে নেয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, আটক ব্যক্তি গণপিটুনিতে আহত হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর স্ত্রীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করতেন এবং সেগুলো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দিতেন। তবে এ অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন।

ঘটনার প্রতিবাদে এবং ক্যাম্পাসে যৌন হয়রানির বিভিন্ন ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। এর ফলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে।

বিজয় ’২৪ হলের প্রভোস্ট অধ্যাপক সেলিনা আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর ও নিন্দনীয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বৈঠক করছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. তারেক বিন সালাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হবে।