পারিবারিক সংকটে পড়া এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছে বাগেরহাট জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ইকনের হাতে এই সহায়তা তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আতিয়া খাতুন এবং ইকনের স্বজনেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ইকনের শিক্ষা ও পারিবারিক সংকট বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থের পাশাপাশি খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সহায়তা পেয়ে ইকন ও তাঁর পরিবারের সদস্যরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্প্রতি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া অসুস্থ হয়ে মারা যান। জীবিকার তাগিদে তিনি মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। তাঁর মৃত্যুর পর ইকন, তাঁর মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাইকে নিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।
বর্তমানে ভাড়া বাসায় বসবাসকারী ইকনের পড়াশোনা ও চিকিৎসা-সংক্রান্ত ব্যয় নির্বাহে সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।