ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় দেশজুড়ে হেফাজতের দোয়া মাহফিল

Share

ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন এই মন্ত্রীর সুস্থতার জন্য হেফাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীও আল্লাহর দরবারে দোয়া করেছেন।

বৃহস্পতিবার বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে উলামায়ে কেরাম, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেমরা।

মাহফিলে বাবুনগরী ধর্মমন্ত্রীকে একজন দ্বীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনীতিক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি আওয়ামী শাসনামলে চরম নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি মন্ত্রীর দ্রুত পূর্ণ সুস্থতা এবং শিগগির দেশ ও জনগণের সেবায় ফিরে আসার জন্য দোয়া করেন।

একই দিন বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায়ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ।

এ ছাড়া দেশের আরও কয়েকটি মাদ্রাসায় পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়— জামিয়া ওবায়দিয়া নানুপুরে মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জামিয়া আরাবিয়া জিরিতে মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ায় হেফাজতের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান, জামিয়া ইউনুছিয়ায় মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ এবং কুমিল্লা আশরাফুল উলুম মাদ্রাসায় মুফতি শামসুল ইসলাম জিলানী দোয়া পরিচালনা করেন।

হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব দেশের সব আলেম-উলামা এবং সাধারণ মানুষকে ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।