রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২, অস্ত্রধারী আটক

Share

রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গোলাগুলির ঘটনায় যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় একজন অস্ত্রধারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি কর্মী মো. সুজন জানান, রাতে তারা কয়েকজন একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে হাফিজুর রহমান দুইটি গুলিবিদ্ধ হন এবং ইউসুফের বুকে একটি গুলি লাগে।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এক অস্ত্রধারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।