বঙ্গভবন ছেড়ে কোথায় উঠতে পারেন মো. সাহাবুদ্দিন

Share
তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। সেখানে গুরুতর শারীরিক অসুস্থতাকে দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি
পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন স্পিকার।
আগামী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এই সময়ে স্পিকারের কার্যাবলি পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সে হিসেবে তার দায়িত্বে থাকার কথা ছিল ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি বঙ্গভবন ছাড়ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গভবন ছাড়ার পর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠতে পারেন মো. সাহাবুদ্দিন। এ কারণে কয়েক দিন ধরেই ওই বাসাকে বসবাসের উপযোগী করে প্রস্তুত করা হচ্ছিল। এ সময় বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থার উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায়।
তথ্যসূত্র: স্টার নিউজ