সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন বলে যে অভিযোগ উঠেছে, তার কোনো প্রমাণ সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি তিনি পত্রিকায় দেখেছেন মাত্র, তবে এ সংক্রান্ত কোনো তথ্য সরকারের কাছে নেই। তিনি মন্তব্য করেন, বর্তমান যুগে কারও সঙ্গে কথা বলতে সরাসরি লন্ডনে যাওয়ার প্রয়োজন হয় না, তা দেশ থেকেই সম্ভব।
কোন তথ্যপ্রমাণের ভিত্তিতে এই সংবাদ প্রকাশিত হয়েছে, তা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছেই জিজ্ঞাসা করা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।
বিরোধী দলগুলো সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন তারা এই দাবি তুলছে তা বিরোধীদের কাছেই জিজ্ঞাসা করা প্রয়োজন। তিনি বলেন, রাষ্ট্রপতির সমালোচনা করার অধিকার সবার আছে এবং গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা বজায় থাকবে।
তিনি আরও বলেন, স্বৈরাচারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়—এই তিন পর্বেই সাহাবুদ্দিন সংবিধান ও বিধিবিধান মেনে দায়িত্ব পালন করেছেন এবং সরকার তাঁর কাছ থেকে সহযোগিতা পেয়েছে। মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি দায়মুক্তি সুবিধাপ্রাপ্ত, ফলে ফৌজদারি বা অন্য কোনো অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। এর বাইরে কেউ বক্তব্য দিলে সেটি তাঁদের ব্যক্তিগত অধিকার, তবে সেসব বক্তব্য আমলে নেওয়ার মতো কিছু মনে করছেন না তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সেটি তৎকালীন বিষয়, আইন অনুযায়ীই তার নিষ্পত্তি হবে।
সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইনগত সব সুযোগ-সুবিধা মো. সাহাবুদ্দিন পাবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রয়েছে আগামী ছয় মাসের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ (পিজিআর) নিরাপত্তা সুবিধা এবং পুলিশি নিরাপত্তা।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরত আনার প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাঁকে ফেরানোর বিষয়ে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট দেশের রয়্যাল কোর্ট এ বিষয়ে অতিরিক্ত কিছু তথ্য চেয়েছে, যা শিগগিরই পাঠানো হবে।
মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে সম্প্রতি বোমা উদ্ধারের ঘটনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই দিন অনুষ্ঠিত রথযাত্রা ও উল্টোরথ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো বিশৃঙ্খলা এড়াতে সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে। সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় আয়োজনের সঙ্গে বোমা উদ্ধারের ঘটনার কোনো সম্পর্ক আছে বলে মনে করেন না তিনি।