দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৮২০

Share

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা ও বরিশালে একজন করে শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গজনিত কারণে দেশে মোট ৮২০ শিশুর মৃত্যু হলো।

আজ রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০ শিশু। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের এবং বাকি ৯৯০ জন উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত ৮২০ শিশুর মধ্যে ৭২৫ জন মারা গেছে শুধু উপসর্গ নিয়ে, আর পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৫ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১৯৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ জনের, আর বাকি ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৯ শিশু, যাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।