ছবি: সংগৃহীত

নগরকান্দায় ভূমি উপসহকারী কর্মকর্তার টাকা নেওয়ার দৃশ্য ফাঁস, তদন্তের আশ্বাস ইউএনওর

Share

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে একই জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের এক উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

গতকাল সোমবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়ে ২২ সেকেন্ডের এই ভিডিওটি। এতে দেখা যায়, ডাঙ্গী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন তাঁর ব্যক্তিগত কক্ষে বসে টাকা গুনে পকেটে রাখছেন এবং পরে চেয়ারে বসে টাকা প্রদানকারীকে এক মাসের মধ্যে কাজটি করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন। ভিডিওতে টাকা প্রদানকারীকে টাকা গুনে নেওয়ার অনুরোধ করতে শোনা যায়, জবাবে ওই কর্মকর্তাকে বলতে শোনা যায়, কম দেওয়ার বিষয় নয়, কাজ ও টাকা দুটোই সংশ্লিষ্ট ব্যক্তির। পরে তিনি কাজটি নির্ধারিত সময়ের আগেই করে দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান। তবে ভিডিও দেখে তিনি ঠিক কত টাকা নিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে সরোয়ার হোসেন দাবি করেন, ভিডিওটি সম্পাদিত বা এডিট করা, যদিও কী ধরনের সম্পাদনা করা হয়েছে তা তিনি স্পষ্ট করেননি। তিনি দাবি করেন, তাঁর অফিসে এ ধরনের কোনো কার্যক্রম হয় না এবং পুরো বিষয়টি মিথ্যা।

তবে নাম প্রকাশ না করার শর্তে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের এক সদস্য অভিযোগ করেন, ওই কর্মকর্তা ইউপি সদস্যদেরও ছাড় দেন না এবং প্রচুর টাকা নেন। তিনি নিজের একটি ব্যক্তিগত কাজে ১০ হাজার টাকা নেওয়ার পরও খাতায় মাত্র ৬ হাজার ৬০০ টাকা লেখার অভিযোগ তোলেন, পরে অবশ্য এক হাজার টাকা ফেরত দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, তিনি সংশ্লিষ্ট সবাইকে চেনেন না, তবে ভিডিওটি দেখেছেন এবং এ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।