ইনকিলাব মঞ্চের নতুন আট সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে আবদুল্লাহ আল জাবেরকে আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম জুমাকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া গত বছর ডিসেম্বরে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে সংগঠনের আজীবন মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাতটায় ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নতুন কমিটি নির্বাচিত হয়। পরে রাতে সংগঠনের ফেসবুক পেজে কমিটির ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে শহীদ হওয়া ওসমান হাদি তখন সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর সঙ্গে সেই সময় সদস্যসচিবের দায়িত্বে থাকা আবদুল্লাহ আল জাবের এবার সংগঠনের আহ্বায়ক নির্বাচিত হলেন। নতুন সদস্যসচিব ফাতিমা তাসনিম এর আগে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন এবং গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহসাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহমিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ।
সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাব্বিরকে এবং সদস্যসচিব করা হয়েছে মাসুদুর রহমান আদনানকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার ও শাফিন শাররাজ।