জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সব আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও প্রতিষ্ঠানটি কখনো তার ত্যাগের যথাযথ মূল্যায়ন পায়নি।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান: পুলিশ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে তৎকালীন জগন্নাথ কলেজের বড় অবদান ছিল। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের ত্যাগের মূল্যায়ন পায়নি।” জুলাই আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, “আমরা যখন আন্দোলন করতাম, তখন অপেক্ষা করতাম কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে।”
সভায় সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি করেন জুলাইয়ের শহীদ সাজিদের মা। তিনি বলেন, “আমি আমার সাজিদের গেঞ্জি নিয়ে এখনো ঘুমাই। আমি এখনো জিন্দা লাশের মতো বেঁচে আছি।”
জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ জানান, কোটা আন্দোলনে বাংলাদেশে প্রথম গুলি চলেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই, তবে প্রান্তিক অবস্থানের কারণে সেসময় যথাযথ মিডিয়া কাভারেজ পায়নি বিশ্ববিদ্যালয়টি।
সভায় বক্তারা জুলাই শহীদদের স্মরণ করে বৈষম্যহীন বাংলাদেশ গঠন, শিক্ষাঙ্গনে রাজনৈতিক নিপীড়ন বন্ধ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এই আলোচনা সভার আয়োজন করে।