ছবি: সংগৃহীত

হবিগঞ্জে হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

Share

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি। কেন্দ্রঘোষিত কর্মসূচির এলাকায় ১৪৪ ধারা জারি ও পুলিশি বাধার নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা। মিছিলটি টিএসসি থেকে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সংগঠনের নেতারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। তাঁরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার সমাবেশে বলেন, নির্বাচনের আগে তারেক রহমান পরিকল্পনার কথা বললেও গত পাঁচ মাসে তা মূলত মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করার এবং সভা-সমাবেশে হামলা চালানোর প্রবণতা হিসেবেই প্রকাশ পেয়েছে। হবিগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিকভাবে দমাতে না পেরে এনসিপি নেতাদের সামনে ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগ আমলে বালুর ট্রাক পর্যন্ত সরানো যায়নি, সেখানে এনসিপি খালি ট্রাক সরাতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ছাত্রদলের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে ও সারা দেশে সংগঠনটির নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে পরিণতির মুখোমুখি হতে হবে।

সমাবেশে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ট্রাক দিয়ে পদযাত্রা আটকানোর এই ঘটনায় ভিন্নমত দমনের পুরোনো কায়দারই প্রতিফলন দেখা গেছে। তিনি আরও অভিযোগ করেন, সরকার জনগণের অধিকার নিশ্চিতে ব্যর্থ হলেও একদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিশুদের নিয়ে আয়োজন চলছে, অন্যদিকে দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে শিশুদের ক্ষতিসাধন করা হচ্ছে।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।