এনসিপি ‘ভণ্ডবস্তের রাজনীতি’ শুরু করেছে: রাশেদ খাঁন

Share
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খাঁন বলেছেন, ‘গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে না গেলে অন্য কিছু হতে পারত। তবে যেহেতু সে পালিয়ে গেছে, তার মানে আওয়ামী লীগ আর আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে বলে আমার বিশ্বাস হয় না।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
এ সময় এনসিপি ও জামায়াতের রাজনীতির সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে। এনসিপিকে বলব, গঠনমুলক রাজনীতি করুন। এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের নানা দিক তুলে ধরে রাশেদ খাঁন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করেন না। তিনি দলীয় নেতাকর্মীদের বারবার প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। প্রধানমন্ত্রী এর আগে বলেছেন, তাঁর মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হয়েছিল, কিন্তু তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে এখন কারো মেরুদণ্ড ভাঙতে চান না। প্রধানমন্ত্রী বারবার বলছেন, দেশটা সবাইকে নিয়ে মিলেমিশে গড়তে হবে।’
রাশেদ খান বলেন, ‘আমরা লক্ষ্য করছি, এনসিপির কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মীনীকে নিয়ে কটূক্তি করে বেড়াচ্ছে। জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা স্থানীয় এমপি, মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছে। আচ্ছা, এভাবে যদি তারা কথা বলে, তাহলে আপনি কতজন নেতাকর্মী সমর্থককে নিয়ন্ত্রণ করবেন? যারা একজন এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের সামনে গিয়ে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, আপনার মানুষ আপনাদের ছেড়ে দেবে। সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ সেই জায়গা থেকেই প্রতিবাদ করেছে।’
এনসিপি নেতাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, এনসিপির এখন উচিত ইতিবাচক রাজনীতি করা। তাদের মনে রাখতে হবে, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার মানে এই নয় যে, আপনারা অপরাধ করবেন, আর অভ্যুত্থানের যোদ্ধা হিসেবে ছাড় পাবেন। আইন তার নিজস্ব গতিতে চলছে।
তথ্যসূত্র: স্টার নিউজ