ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একাধিক শিক্ষক ও এক কর্মকর্তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মোট চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং আরও চারজন শিক্ষককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেণিকক্ষে ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ এবং নৈতিক স্খলনের অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অভিযোগ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আফরোজা শেলীকেও সাময়িক বরখাস্ত করা হয়।
এছাড়া, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মুহিতকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। একই ধরনের অভিযোগে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে এমফিল ও পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির অভিযোগ ওঠায় তাকেও সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।
এছাড়া, অফিস শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রধান প্রকৌশলীর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ কে এম মাহবুব মুস্তাফাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিতর্কিত কার্যক্রমে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে এবং যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।