ঢাকা: ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, যেসব অদক্ষ চালক বেপরোয়াভাবে যানবাহন চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন এবং তারা যাতে নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ডিএনসিসির কোনো গাড়ি অদক্ষ চালক বা হেলপার চালিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, তবে তার জানামতে সংস্থাটির কোনো গাড়ি হেলপার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।
নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রশাসক বলেন, ডিএনসিসির পক্ষ থেকে পরিবারটিকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে।
এর আগে দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং ডিএনসিসির প্রশাসক নিহতের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. হুমায়ুন কবীরসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।