চলতি আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে মোট ৮ দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে চাকরিজীবীদের জন্য। সরকারি ছুটির সঙ্গে একদিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করলেই মিলবে এই লম্বা অবকাশ।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকলেও, এদিন কেউ নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটির দিন ৭ ও ৮ আগস্ট শুক্র-শনিবারসহ টানা চার দিনের অবকাশ পাওয়া সম্ভব হবে।
একইভাবে দ্বিতীয় সুযোগ আসছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার এই উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটির দিন ২৮ ও ২৯ আগস্ট শুক্র-শনিবার মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি মিলবে।