মৃত শিক্ষকের নামে বেতন তোলার অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি ভোলা জামায়াতের

Share

ভোলার তজুমদ্দিনে মৃত এক শিক্ষকের নামে দীর্ঘদিন ধরে বেতন তোলার অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখা। রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান দলটির জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইন ও সেক্রেটারি মো. হারুনুর রশিদ।

বিবৃতিতে বলা হয়, মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার এক মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও ইনডেক্স নম্বর জালিয়াতি করে জামায়াত নেতা মো. মহিউদ্দিন ২০ বছর ধরে সরকারি বেতন-ভাতা তুলছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা।

নেতৃদ্বয় দাবি করেন, মো. মহিউদ্দিন দীর্ঘদিন ধরে ওই মাদরাসায় শিক্ষকতা করে আসছেন এবং হঠাৎ ২০ বছর পর তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার মূল উদ্দেশ্য তার মানহানি করা। তাদের অভিযোগ, মাদরাসার সুপার নুরুজ্জামান বহু বছর আগে দায়িত্ব নেয়ার পরও প্রকৃত অনিয়ম থাকলে যথাসময়ে ব্যবস্থা নিতেন, কিন্তু তা না করে ব্যক্তিগত রেষারেষি ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যেই তিনি এ ধরনের প্রচারণা চালাচ্ছেন বলে তারা দাবি করেন।

বিবৃতিতে গণমাধ্যমগুলোকে প্রকৃত ঘটনা যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়। পাশাপাশি এ ধরনের প্রচারণার মাধ্যমে জামায়াত নেতা মহিউদ্দিনের সম্মানহানির অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন নেতৃদ্বয়।