জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু ও মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবি প্ল্যাকার্ডে তুলে ধরতে গিয়ে ছাত্রদলের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিরা। এ ঘটনায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে গেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জকসুর প্রতিনিধিরা। এতে জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা ও আইনবিষয়ক সম্পাদক ফারুক গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জকসু সূত্রে জানা গেছে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের সুযোগ-সুবিধা উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরতেই জকসুর প্রতিনিধিরা প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেন। তবে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা এবং হামলা চালানোর অভিযোগ করেছেন জকসুর প্রতিনিধিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ নেতারা অডিটোরিয়ামে প্রবেশ করতে গেলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যাওয়া ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকে ধাক্কা দেন খোদ ছাত্রদল আহ্বায়ক নিজেই। এরপর গেট বন্ধ করে দেয়ার নির্দেশ দেন তিনি, পরে গেট আটকে দেওয়া হয়। ঘটনার পর অডিটোরিয়ামের সামনে ছেঁড়া প্ল্যাকার্ড নিয়েই বিক্ষোভ করছেন জকসু নেতারা বলে সরেজমিনে দেখা গেছে।
জকসু জিএস আব্দুল আলিম আরিফ ফেসবুকে এক পোস্টে প্রশ্ন তোলেন, প্রক্টর দপ্তর ছাত্রদলের ভূমিকায় নেমেছে কি না। জকসু ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, প্রক্টর অফিস ও ছাত্রদলের কর্মীরা মিলে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলেছে এবং জকসুর প্রতিনিধিদের ধাক্কা দিয়েছে। তিনি এই ঘটনার দ্রুত বিচার দাবি করে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।