জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৬৫.১০

Share
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

 সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল ৩১ আগস্ট প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের গড় পাশের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

ফলাফল আজ বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত। শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য। এই অর্জনের পেছনে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষা ৩০ এপ্রিল ২০২৬ শুরু হয়ে ১৫ জুন ২০২৬ শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনায় দ্রুততা ও দক্ষতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো। প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা প্রয়োজনে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।