অস্ত্রের মুখে জিম্মি করে মিলাদের খিচুড়ি ও মোটরসাইকেল ছিনতাই

Share
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে শিশুসহ তিনজনকে গাছে বেঁধে তাণ্ডব চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় মিলাদের তিন প্যাকেট খিচুড়ি, নগদ টাকা, মোবাইল ফোনসহ দুটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় তারা।
সোমবার (৩১ আগস্ট) রাতে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর-গড়চাপড়া সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে।
ফরিদপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী বিপ্লব হোসেন জানান, রাতে মোটরসাইকেলযোগে গড়চাপড়া গ্রামের দিকে যাচ্ছিলেন তিনি। এসময় ফরিদপুর-গড়চাপড়া মাঠের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছালে ছয়জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে তার ব্যবহৃত মোটরসাইকেল, প্রায় ২ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে পাশের একটি মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। সেখানে একজন দুর্বৃত্ত পাহারায় ছিল।
গড়চাপড়া গ্রামের বাসিন্দা শুকুর আলী জানান, পারকুলা এলাকায় একটি মিলাদ মাহফিল শেষে রাত আনুমানিক নয়টার দিকে দুই শিশুসন্তান সজিব ও রাজীবকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছালে দেশীয় অস্ত্র দিয়ে বেশ কয়েকজন তাদের পথরোধ করে। এসময় অস্ত্রের মুখে তার ব্যবহৃত মোটরসাইকেল, সঙ্গে থাকা ৫০ টাকা ও মিলাদের তিন প্যাকেট খিচুড়ি নিয়ে নেয়। তখন দুই শিশু কান্নাকাটি শুরু করলে তাদের মারধর করা হয়। পরে তাদের একটি মেহগনি বাগানে নিয়ে গামছা দিয়ে বেঁধে রাখা হয়।
শুকুর আলী জানান, প্রায় ১০ মিনিট পর পাহারায় থাকা ব্যক্তি কিছুটা দূরে গেলে কৌশলে হাত-পায়ের বাঁধন খুলে ফেলেন তিনি। পরে দুই সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে ঘটনাটি গ্রামবাসীকে জানান তিনি। পরে কৌশলে পালিয়ে যান বিপ্লবও।
এবিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
সূত্র: স্টার নিউজ