ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে সামাজিক সংগঠন এসপিডিএস (SPDS)। এই কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করতে এসপিডিএসকে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও রোগীদের বসার জন্য চেয়ার দিয়েছে গ্লোবাল এলিভেট ফাউন্ডেশন (Global Elevate Foundation)।
সম্প্রতি এসপিডিএসের চিকিৎসাসেবা কার্যক্রমের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তচাপ মাপার যন্ত্র, ওজন মাপার মেশিন প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের অপেক্ষা ও চিকিৎসা গ্রহণের সুবিধার্থে চারটি চেয়ার দেওয়া হয়েছে।
এসপিডিএস কর্তৃপক্ষ জানায়, সংগঠনটির উদ্যোগে নিয়মিতভাবে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে এসপিডিএসের পক্ষ থেকে বলা হয়, “মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিয়ে পাশে দাঁড়ানোর জন্য গ্লোবাল এলিভেট ফাউন্ডেশনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের সহযোগিতা আমাদের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
গ্লোবাল এলিভেট ফাউন্ডেশনের এমন সহযোগিতাকে স্বাগত জানিয়ে এসপিডিএস ভবিষ্যতেও বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে মানবিক ও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার আহ্বান জানিয়েছে।