সম্প্রতি ইতালির ভেনিসে আওয়ামী সমর্থকদের হাতে শারীরিক লাঞ্ছনা ও হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ঘটনা ঘিরে ফেসবুকে ইতালির সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরার (CORRIERE DELLA SERA) একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইতালিয়ান পুলিশ আজমেরি হক বাঁধনকে চরমপন্থী জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। ছবিটিতে এই অভিনেত্রীর ছবি ব্যবহার করে ইতালীয় ভাষায় লেখা, ‘ইতালীয় পুলিশ আজমেরী হক বাঁধনকে জিজ্ঞাসাবাদ করেছে, চরমপন্থী সংগঠনের সাথে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।’ ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, কোরিয়ারে ডেলা সেরা পত্রিকার প্রচারিত ছবিটি এডিটেড। সংবাদমাধ্যমটি এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।
রিভার্স ইমেজ সার্চে কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রচারিত ছবিটি সত্যতা পাওয়া যায়নি। কথিত প্রতিবেদনটির শিরোনামটি ধরে কি-ওয়ার্ড সার্চেও এমন কোনো প্রতিবেদনের অস্তিত্ব পাওয়া যায়নি। কোরিয়ারে ডেলা সেরার ওয়েবসাইটে বাঁধনের সঙ্গে ঘটা ঘটনাটি নিয়ে দুইটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন দুইটিতেও আলোচিত দাবিটির অনুরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনগুলো পড়ুন এখানে, এখানে।

অপরদিকে কথিত প্রতিবেদনের ছবিটি যাচাই করে দেখা যায়, পত্রিকাটির নামের নিচে লাল রঙের ব্যাকগ্রাউন্ডে ইতালীয় ভাষায় লেখা, ‘এটি একটি ভুয়া সংবাদ-এটি কোনো সত্য ঘটনা নয়।’

ইতালির আরেকটি সংবাদপত্র ‘লা স্তাম্পা (La Stampa)’ পত্রিকার একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, ইতালি পুলিশের একটি বিশেষ শাখা ডিগোস (Digos) বাঁধনের ওপর হামলার ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে এবং ওই এলাকার নিরাপত্তা ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। এই প্রতিবেদন থেকেও বাঁধন নিয়ে প্রচারিত দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনাটি নিয়ে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনেও ইতালিয়ান পুলিশের আজমেরি হক বাঁধনকে চরমপন্থী জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে কোনো তথ্য নেই।
সার্বিক বিশ্লেষণে ফ্যাক্টওয়াচ আলোচিত দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
সূত্র: ফ্যাক্ট ওয়াচ