সম্প্রতি গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। মধ্যরাতে সাধারণ মানুষের দুয়ারে গিয়ে নিজ হাতে উপহার পৌঁছে দেওয়ার ছবি ও ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন সংসদ সদস্য হানজালা।
নির্বাচনী প্রচারণার সময় হযরত উমর (রা.)-এর শাসনব্যবস্থার উদাহরণ টেনে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন হানজালা। তার এই উদ্যোগকে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের ধারাবাহিকতা হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কুতুবপুরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সমিরুন্নেছা। এ সময় তিনি সংসদ সদস্যের মাথায় হাত রেখে দোয়া করেন। তিনি বলেন, আগে কখনো কোনো এমপিকে চোখেই দেখিনি। আর আজ নতুন এমপি নিজে খাবার নিয়ে আমার দুয়ারে হাজির হয়েছেন। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।
প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি কথা বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পূরণে সবার সহযোগিতা ও কিছুটা সময় কামনা করেন তিনি।
সূত্র: আরটিভি