সহজলভ্য ও প্রতিদিনের খাবারে থাকা বিভিন্ন উপাদানের সম্ভাব্য অ্যান্টিক্যানসার কার্যকারিতা নিয়ে গবেষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একদল গবেষক। “Priceless Edible Foods: An Alternative Source of Expensive Anticancer Drugs” শীর্ষক এই গবেষণায় লেবু, টমেটো, ধনিয়া ও পালং শাকসহ বিভিন্ন খাদ্য উপাদানের নির্যাস নিয়ে পরীক্ষামূলক কাজ করা হয়েছে।
গবেষণায় এসব উপাদানের সম্ভাব্য অ্যান্টিক্যানসার প্রভাব মূল্যায়ন করা হয় এবং ইএসি মাইস (EAC mice) মডেলে বিভিন্ন নমুনার প্রতিরোধমূলক কার্যকারিতা তুলনা করে দেখা হয়। গবেষণার ফলাফলের ভিত্তিতে গবেষকরা একটি অ্যান্টিক্যানসার সাপ্লিমেন্ট সিরাপের প্রোটোটাইপও তৈরি করেছেন, যাতে লেবু, টমেটো, ধনিয়া ও পালং শাকের নির্যাস ব্যবহারের কথা উল্লেখ রয়েছে।
গবেষক দলে রয়েছেন মো. রহমত আলী, মো. আরিফুল ইসলাম, এবিএম আশরাফুল, মো. আজিজ আবদুর রহমান, মামুনুর রশিদ, মো. গোলাম সাদিক এবং এএইচএম খুরশিদ আলম। গত ১২ সেপ্টেম্বর ঢাকার নভো থিয়েটারে গবেষণাটি উপস্থাপন করা হয়, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রকাশনার তথ্যও পোস্টার আকারে তুলে ধরা হয়।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিরাপ এখনো গবেষণা পর্যায়ের একটি প্রোটোটাইপ মাত্র এবং ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের জন্য কোনো অনুমোদিত ওষুধ নয়। পোস্টারে থাকা সিরাপের গায়েও স্পষ্টভাবে “For Research Purpose Only” বা শুধুমাত্র গবেষণার উদ্দেশ্যে ব্যবহারযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।