ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ

Share

ভারতের উত্তর প্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সেনাসদস্য মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। আহত সৌরভ তোমরের (২৬) অবস্থা আশঙ্কাজনক। মিরাটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন।

বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, দীপাবলির রাতে নিজের বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরাজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ধীরাজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান। একটি গুলি প্রথমে দেয়ালে লেগে পরে সৌরভের কানের পেছনের অংশে আঘাত করে।

গুলিবিদ্ধ হয়ে সৌরভ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ধীরাজের ভাই লাঠি নিয়ে বিনীতকে আক্রমণ করেন বলে অভিযোগ রয়েছে। পাল্টা সংঘর্ষে মিন্টুও লাঠি দিয়ে মনুকে আঘাত করেন। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে সবাই ছত্রভঙ্গ হয়ে যান এবং অভিযুক্ত দুই ভাই পালিয়ে যান।

স্থানীয়দের দাবি, দুই পরিবারের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং তাঁরা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগেও তাঁদের মধ্যে একটি বিরোধ হয়েছিল।

সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে কর্মরত, যা ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে পুরোনো ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট। দীপাবলি উদ্‌যাপনে ছুটিতে তিনি নিজ গ্রামে গিয়েছিলেন।

গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বারাউতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে তাঁকে মিরাট মেডিকেল কলেজে পাঠানো হলেও স্বজনেরা মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক।

ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বারাউতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি