ইসলামাবাদ, পাকিস্তান: জরুরি চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধান বিচারপতিদের কাছে একটি খোলা চিঠি লিখেছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নিজে এবং স্ত্রী বুশরা বিবির জন্য চিকিৎসা চেয়ে সোমবার তার আইনজীবী সালমান সাফদার এক্সে (সাবেক টুইটার) চিঠিটি প্রকাশ করেন, যাকে তিনি “চিকিৎসার জন্য মানবিক আবেদন” বলে উল্লেখ করেছেন। এ বছর অসুস্থ হওয়ার পর এটিই ইমরান খানের প্রথম চিঠি।
আইনজীবী সাফদার জানান, গত ১১ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে তিন ঘণ্টা সাক্ষাতের পর তার দেওয়া নির্দেশনার ভিত্তিতেই চিঠিটি তৈরি করা হয়েছে।
৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। চিঠিতে তিনি জানান, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাবাসে রাখা হয়েছে। সে সময় তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে কয়েকটি মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ইমরান খান চিঠিতে জানিয়েছেন, তিনি তার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং চিকিৎসকরা তাকে ব্রেইন হেমারেজ ও হার্ট অ্যাটাকের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেন, “আমি কখনই শারীরিক অসুস্থতাকে ঢাল হিসেবে ব্যবহার করে মুক্তি চাইনি এবং আমি আপনাদের (বিচারপতিদের) কাছে কোনো অনুগ্রহও চাইছি না।”
তিনি জানান, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুদিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করে মেডিকেল বোর্ড দিয়ে পরীক্ষার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ এখনও পালিত হয়নি। বরং তাকে সরকারি হাসপাতাল পিমস-এ নিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
চিঠিতে ইমরান খান তার স্ত্রী বুশরা বিবির (যাকে তিনি ২০১৮ সালে বিয়ে করেন) স্বাস্থ্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এপ্রিলে বুশরা বিবি রেটিনাল ডিটাচমেন্টের কারণে গোপনে জটিল চোখের অস্ত্রোপচার করিয়েছেন এবং পুনরায় অস্ত্রোপচার না করালে তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন। বুশরা বিবির আইনজীবীরা তাকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের জন্য সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন।
পিটিআই নেতা সাইয়েদ জুলফি বুখারি বলেন, “ইমরান খান কোনো দয়া বা ডিল চাইছেন না; তিনি শুধু ন্যায়বিচার ও মানবিক চিকিৎসা চাইছেন।” লাহোরভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক হাবিব আকরাম বলেন, “তিনি কারও কাছে ক্ষমা চাননি, বরং জেল ম্যানুয়ালের ভিত্তিতে তার ন্যায্য অধিকার চেয়েছেন।” তবে, তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, এই চিঠি ইমরান খানের বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ আইনি নির্দেশের তোয়াক্কা না করেই তাকে বন্দি রাখা হয়েছে।
আল-জাজিরা থেকে সংক্ষেপে অনূদিত / তিনতন্ত্র