জাতিসংঘের শীর্ষ আদালত ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে ‘অপরাধের সেরা অপরাধ’ (ক্রাইম অব ক্রাইমস) হিসেবে পরিচিত গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নৃশংস সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন আদালত।
মামলা দায়েরের সাত বছর পর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায় এটিই প্রথম ঘটনা, যেখানে আদালত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করলেন।
এর আগেও আইসিজেকে এমন সিদ্ধান্তে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছিল, তবে রোহিঙ্গাদের লক্ষ্য করে চালানো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যার মতো পর্যাপ্ত প্রমাণ আগে কখনো পাওয়া যায়নি।
১৫ জন বিচারপতির একটি প্যানেল রায়ে বলেছেন, “রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।”
আদালত আরও বলেন, “মিয়ানমারের কর্মকাণ্ডের পেছনে একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো একটি সুরক্ষিত জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশকে—অর্থাৎ উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনসংখ্যাকে—ধ্বংস করার অভিপ্রায়,” যা গণহত্যার আইনি মানদণ্ড পূরণ করে।
১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে বিশ্ব আদালতের কার্যতালিকায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে, যার মধ্যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সংক্রান্ত রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাটিও অন্তর্ভুক্ত।
১. বসনিয়া-সার্বিয়া: স্রেব্রেনিৎসা গণহত্যা
কী ঘটেছিল: ১৯৯২-৯৫ সালের বসনিয়া যুদ্ধের সহিংসতার চূড়ান্ত রূপ ছিল স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ড। যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর পুরো অঞ্চলে উগ্র জাতীয়তাবাদ ও ভূখণ্ড দখলের আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়লে এই যুদ্ধ শুরু হয়।

১৯৯৫ সালের ১১ জুলাই সার্ব বাহিনী স্রেব্রেনিৎসা দখল করে নেয়, যা সে সময় জাতিসংঘ ঘোষিত একটি নিরাপদ অঞ্চল ছিল। তারা অন্তত ৮ হাজার বসনিয়াক পুরুষ ও কিশোরকে তাদের স্ত্রী, মা ও বোনদের কাছ থেকে আলাদা করে নির্মমভাবে হত্যা করে। যারা পালানোর চেষ্টা করেছিল, তাদের শহরের চারপাশের বন ও পাহাড়ের ওপর দিয়ে ধাওয়া করে হত্যা করা হয়।
আদালতের রায়: জাতিসংঘের একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের ওপর আংশিক ভিত্তি করে ২০০৭ সালে আইসিজে এক রায়ে বলেন, স্রেব্রেনিৎসার হত্যাকাণ্ড গণহত্যার শামিল। তবে আদালত এর জন্য সার্বিয়াকে সরাসরি দায়ী করেননি। আদালত কেবল এটুকু বলেছিলেন যে, সার্বিয়া গণহত্যা প্রতিরোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে—যা ১৯৪৮ সালের গণহত্যা সনদে অন্তর্ভুক্ত রয়েছে।
২. ক্রোয়েশিয়া-সার্বিয়া: ক্রোয়েশীয় অঞ্চলে হামলা
কী ঘটেছিল: যুগোস্লাভিয়ার বিশৃঙ্খল ভাঙনের ফলে সৃষ্ট আরেকটি যুদ্ধে সার্ব বাহিনী প্রতিবেশী ক্রোয়েশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালিয়ে ক্রোয়াট নাগরিকদের হত্যা ও আহত করে।
ক্রোয়েশিয়ার অভিযোগ ছিল, ১৯৯১-৯৫ সাল পর্যন্ত চলা এসব হামলার পেছনে সার্বিয়ার নিয়ন্ত্রণাধীন বাহিনী দায়ী এবং জাগরেবের মতে তা গণহত্যার শামিল।
আদালতের রায়: ২০১৫ সালের এক সিদ্ধান্তে আদালত বলেন, সেখানে গণহত্যামূলক কর্মকাণ্ড ঘটেছে ঠিকই, তবে এর পেছনে ‘গণহত্যার অভিপ্রায়’ প্রতিষ্ঠিত হয়নি। গণহত্যা সনদ অনুযায়ী, কোনো ঘটনাকে গণহত্যা হিসেবে প্রমাণ করতে হলে একটি জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় থাকা অপরিহার্য।
৩. দক্ষিণ আফ্রিকা-ইসরায়েল: গাজা সংঘাত
কী ঘটেছিল: ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় এক বিধ্বংসী সামরিক অভিযান শুরু করে। হামাসের ওই হামলায় ইসরায়েলি বসতিগুলোতে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।

ইসরায়েলি অভিযানে গাজা উপত্যকার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন—যদিও এই হিসাবে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করা হয়নি।
দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে, এই অভিযানের মাধ্যমে ইসরায়েল গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। ইসরায়েল এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছে। প্রকাশ্য শুনানিতে ইসরায়েল দাবি করেছে, গাজায় তাদের যুদ্ধ নিজ জনগণের আত্মরক্ষার বৈধ অধিকার এবং বরং হামাস যোদ্ধারাই গণহত্যার অপরাধী।
আদালতের রায়: ২০২৪ সালের এক অন্তর্বর্তীকালীন রায়ে আদালত ইসরায়েলকে গাজায় মৃত্যু, ধ্বংসযজ্ঞ এবং যেকোনো গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আদালত যে গণহত্যার অভিযোগটি আমলে নিয়ে আলোচনা করতে রাজি হয়েছেন, সেটিই একটি “কলঙ্কের দাগ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মুছবে না।”
মামলাটির মূল বিষয়ের (মেরিট) ওপর এখনো কোনো রায় হয়নি এবং আগামী কয়েক বছরের মধ্যে তা হওয়ার সম্ভাবনাও নেই। লিখিত যুক্তি জমা দেওয়ার জন্য ইসরায়েল ২০২৯ সালের মে মাস পর্যন্ত সময় পেয়েছে; এরপরই কেবল আদালত প্রকাশ্য শুনানির তারিখ নির্ধারণ করতে পারবেন। শুনানিরও কয়েক মাস বা বছর পর চূড়ান্ত রায় আসতে পারে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন ও বলপ্রয়োগ বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক জানিনা ডিল এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের এই রায় “দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েলের মতো মেরুকৃত ও বিচারাধীন অন্যান্য গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর ক্ষেত্রে আদালত কীভাবে অগ্রসর হন, সে বিষয়ে অত্যন্ত দিকনির্দেশক।”
তিনি আরও বলেন, মিয়ানমার গণহত্যা মামলায় বিচারপতিদের ৯-৬ সংখ্যাগরিষ্ঠতা এবং একাধিক পৃথক ও ভিন্নমতাবলম্বী মতামত “আইনি তত্ত্বের অমীমাংসিত জটিলতাগুলোকেই সামনে নিয়ে আসে।”
৪. ইউক্রেন-রাশিয়া: ইউক্রেনে মস্কোর যুদ্ধ
কী ঘটেছিল: এর আগে অবৈধভাবে ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালায়।

আগ্রাসনের পরপরই ইউক্রেন আইসিজেতে একটি মামলা দায়ের করে। এতে অভিযোগ করা হয়, হামলার ন্যায্যতা প্রমাণের জন্য রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যার মিথ্যা দাবি তৈরি করেছে। কিয়েভের যুক্তি, এই ধরনের বানোয়াট দাবি গণহত্যা সনদের লঙ্ঘন।
আদালতের রায়: আদালত ইতোমধ্যে মামলাটির বড় একটি অংশ খারিজ করে দিয়েছেন। বিচারপতিরা জানিয়েছেন, কিয়েভ গণহত্যার জন্য দায়ী নয়—ইউক্রেনের এমন একটি ঘোষণার আবেদনের ওপর রুল জারি করার এখতিয়ার আদালতের রয়েছে, তবে মামলার অন্যান্য দিক নিয়ে বিচার করার এখতিয়ার নেই। দক্ষিণ আফ্রিকা-ইসরায়েল মামলার মতো এটিও এখনো বিচারপ্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এর মূল বিষয়ের ওপর চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই।
দ্য ইন্ডিপেনডেন্ট থেকে অনূদিত