আন্তর্জাতিক ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির নেতাকর্মীদের প্রত্যাশার বিপরীতে গিয়ে চব্বিশের গণ-অভ্যুত্থান ও গত ফেব্রুয়ারির নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্কে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন সংস্কার ও কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেন।
নিজেদের প্রচারণার অংশ হিসেবে নিউইয়র্কে ‘ঢাকা কোন পথে : বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অনুষ্ঠানে হ্যারি কে টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, একটি দেশের মানুষকেই তা বেছে নিতে হয় এবং গত ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ সেটাই করেছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত এক অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য উদ্ধৃত করে তিনি উল্লেখ করেন, ওই আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে, যাঁদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি উত্তেজিত জনতার হামলায় নিহত ৪৪ জন পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর আরও আটজন সদস্যকেও স্মরণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে বাড়ির ছাদে সংঘর্ষ দেখার সময় নিহত ছয় বছরের এক শিশুর কথা স্মরণ করে হ্যারি কে টমাস বলেন, তাঁদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে এবং আজ যা-ই বলা হোক না কেন, সবার আগে এ কথাটিই বলা উচিত।
গত ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের ফলাফল নিয়ে যার যা-ই মত থাকুক না কেন, বাংলাদেশে ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকে স্বীকৃতি দেওয়া উচিত। এ ছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানোর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সহায়তা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে প্রচলিত ধারণার জবাবে হ্যারি কে টমাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে সরে গেছে বলে যে কথা শোনা যায়, তা সঠিক নয়। ২০২৬ সালে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) যৌথ তহবিলে যুক্তরাষ্ট্র ৩০ কোটি ডলার দিয়েছে এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রায় ১০ কোটি ডলারের বৃহত্তম দ্বিপক্ষীয় কর্মসূচি এখনো চালু রেখেছে ওয়াশিংটন।
বর্তমান সরকারের শ্রম সংস্কার, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর কূটনৈতিক সাফল্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার প্রশংসা করে সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন ‘পক্ষ-বিপক্ষ’ বয়ান থেকে সরে এসে ‘কৌশলগত বাস্তববাদ’ ও ‘বহুমুখী কূটনীতি’ অনুসরণ করছে এবং যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাচ্ছে।