অর্থনীতি ডেস্ক: শ্রম অধিকার সুরক্ষায় ঘাটতি, ভর্তুকি এবং চীনা কাঁচামালের ওপর নির্ভরতার মাধ্যমে অন্যায্যভাবে উৎপাদন খাতকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশ, চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের ১৬টি অর্থনীতির ‘কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ নিয়ে কয়েক মাসব্যাপী ‘সেকশন ৩০১’ তদন্ত শেষে এ ঘোষণা দিয়েছে। এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে মার্কিন বাণিজ্য কর্মকর্তারা জানান, বাংলাদেশের শিল্পনীতি—বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি) খাতের নীতিগুলো সুষ্ঠু বাণিজ্যিক প্রতিযোগিতা নষ্ট করছে এবং মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে।
প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি ও চলমান দ্বিপক্ষীয় আলোচনার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে। তবে আলোচনায় সন্তোষজনক সংস্কার না এলে এ হার বাড়িয়ে ২০ শতাংশ করা হতে পারে বলেও সতর্ক করেছে ইউএসটিআর।
পোশাক খাতে মোট শুল্কের বোঝা বাড়ার শঙ্কা বর্তমানে মার্কিন বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের গড়ে প্রায় ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। বৈদেশিক বাণিজ্য বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক জানান, বাংলাদেশের তৈরি পোশাকের ওপর আগে থেকেই থাকা গড় ১৫ শতাংশ শুল্কের পাশাপাশি ওয়াশিংটন ইতিপূর্বে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। নতুন ১৮ শতাংশ শুল্ক যুক্ত হলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে মোট শুল্কের বোঝা ৪৩ শতাংশে গিয়ে ঠেকবে—যদিও চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোকে এর চেয়েও বেশি শুল্কের মুখে পড়তে হচ্ছে।
ড. রাজ্জাক সতর্ক করে বলেন, উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়বে এবং মার্কিন ভোক্তাদের ব্যয় কমে গিয়ে সামগ্রিক পোশাকের বাজার সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। যুক্তরাষ্ট্রের বাজারের ওপর অতিমাত্রায় নির্ভরশীল বাংলাদেশের জন্য এটি বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে।
তিনি বলেন, ‘ব্যাংক ঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের অনিয়মিত সরবরাহ এবং শ্রম অসন্তোষের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত এমনিতেই চাপে আছে। এই অতিরিক্ত শুল্ক সংকটকে আরও ঘনীভূত করবে।’ ফেব্রুয়ারির পারস্পরিক বাণিজ্য চুক্তি সত্ত্বেও এমন সিদ্ধান্তকে অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি চুক্তিটিকে একতরফা বলে অভিহিত করেন।
অন্যদিকে, সিকম গ্রুপের চেয়ারম্যান ও এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি আমিরুল হক এই শুল্ক প্রস্তাবকে সম্পূর্ণ অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ দেশটি থেকে আমদানি বাড়িয়েছে। বর্তমানে বাংলাদেশের এলপিজি আমদানির প্রায় ৯৫ শতাংশ এবং সয়াবিন আমদানির সিংহভাগই যুক্তরাষ্ট্র থেকে আসে। এমন উদ্যোগের পরও নতুন শুল্ক আরোপ দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সুখবর নয় বলে তিনি মনে করেন।
মার্কিন তুলার সুবিধায় আশাবাদী রপ্তানিকারকরা তবে শুল্কের প্রভাব নিয়ে আঞ্চলিক প্রতিযোগিতায় কিছুটা ইতিবাচক দিকও দেখছেন খাতসংশ্লিষ্টরা। বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি ফর ফরেন মিশন সেলের চেয়ারম্যান এবং শাশা ডেনিমের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ জানান, পাকিস্তান ছাড়া বাংলাদেশের প্রায় সব প্রধান প্রতিযোগী দেশই এই নতুন শুল্কের আওতায় পড়েছে।
তিনি উল্লেখ করেন, স্থানীয় কারখানাগুলো ব্যাপকভাবে মার্কিন তুলার ওপর নির্ভরশীল হওয়ায় ডেনিম ও নির্দিষ্ট কিছু পোশাকের ক্ষেত্রে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকবে। কারণ পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায় মার্কিন তুলায় তৈরি পোশাক এই অতিরিক্ত শুল্কের বাইরে থাকবে, যেখানে নিজস্ব তুলা ব্যবহার করায় পাকিস্তানকে শুল্ক দিতে হবে। তবে হোম টেক্সটাইল খাতে বাংলাদেশ ও ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে থাকতে পারে।
শামস মাহমুদ শিল্প কারখানা সচল রাখতে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, সুদের হার কমানো এবং সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ওয়াশিংটনের পাঁচ অভিযোগ ইউএসটিআরের পর্যবেক্ষণে বাংলাদেশের বাণিজ্যিক কর্মকাণ্ডের পাঁচটি প্রধান ক্ষেত্রে আপত্তি তোলা হয়েছে। এগুলো হলো—উৎপাদন সম্প্রসারণে শিল্প কৌশলের ব্যবহার, উৎপাদন ও রপ্তানি ভর্তুকি, শ্রম অধিকার সুরক্ষার অভাব, দেশীয় শিল্পকে সহায়তায় ‘আর্থিক দমননীতি’ এবং ‘অ-বাজার অর্থনীতির দেশ’ (মূলত চীন) থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে সৃষ্ট অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতা।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, জি-৭, জি-২০ এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতো আন্তর্জাতিক ফোরামে আলোচনায় কোনো পরিবর্তন না আসায় মার্কিন শ্রমিকদের জন্য সমান সুযোগ তৈরি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন।
পরবর্তী পদক্ষেপ প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্ক এখনো কার্যকর হয়নি এবং এটি বর্তমানে জনমত যাচাইয়ের পর্যায়ে রয়েছে। কিছু নির্দিষ্ট পণ্যে শুল্ক ছাড়ের সুযোগ রাখা হয়েছে। ইউএসটিআর জানিয়েছে, চূড়ান্ত হার নির্ধারণের ক্ষেত্রে ঢাকার সঙ্গে চলমান আলোচনা, বিদ্যমান সেকশন ২৩২ শুল্ক এবং পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতিগুলো বিবেচনায় নেওয়া হবে।
এ বিষয়ে আগ্রহী পক্ষগুলোর লিখিত মতামত ও শুনানিতে অংশগ্রহণের আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৫ জানুয়ারি। এরপর আগামী ২৫ জানুয়ারি ওয়াশিংটনে এ বিষয়ে গণশুনানি শুরু হবে।