আন্তর্জাতিক ডেস্ক: দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য স্থায়ীভাবে বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি) সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। নতুন এই পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন।
কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর দেশটির অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। কানাডার সরকারি অভিবাসন বিভাগের বরাত দিয়ে অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ‘ইমিগ্রেশন ডট সিএ’ এ তথ্য জানিয়েছে।
প্রাদেশিক মনোনয়ন কর্মসূচিতে (পিএনপি) বাড়তি বরাদ্দ
নতুন ব্যবস্থায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (পিএনপি) মাধ্যমে অতিরিক্ত কোটা বরাদ্দ দেওয়া হবে। এর ফলে কানাডার বিভিন্ন অঞ্চলে আগে থেকেই বসবাস ও কাজ করছেন, এমন বিদেশি কর্মীদের স্থায়ী হওয়ার পথ সহজ হবে। তবে কোন প্রদেশ কতজনকে মনোনয়ন দেবে, তা সংশ্লিষ্ট প্রদেশ ও অঞ্চল নিজেদের শ্রমবাজারের চাহিদা বিবেচনা করে নির্ধারণ করবে। এ ছাড়া ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় পিএনপির আওতায় বার্ষিক লক্ষ্যমাত্রা ৯২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৯৫ হাজার করা হয়েছে।
অগ্রাধিকার পাবেন যাঁরা
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—কানাডায় দীর্ঘদিন ধরে বসবাস করে দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন এমন বিদেশি কর্মীদের ধরে রাখা। স্থানীয় শ্রমবাজারে যেসব পেশার চাহিদা রয়েছে এবং যাঁরা প্রাদেশিক মনোনয়ন বা স্থায়ী বসবাসের অন্যান্য শর্ত পূরণ করতে পারবেন, তাঁরা অগ্রাধিকার পাবেন। যোগ্য কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও এ সুযোগ পাবেন। তবে কানাডায় চাকরি করলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি মিলবে না; সরকার শিগগিরই এ সংক্রান্ত সুনির্দিষ্ট যোগ্যতার তালিকা প্রকাশ করবে।
আগের আবেদনকারীদের জন্যও সুখবর
নতুন এই উদ্যোগে স্থায়ী বসবাসের জন্য আগে আবেদন করে অপেক্ষায় থাকা কিছু বিদেশি কর্মীকেও বিবেচনা করা হবে। এর মধ্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তি, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী কর্মসূচির আবেদনকারীরা রয়েছেন। তবে বন্ধ হয়ে যাওয়া এসব কর্মসূচিতে নতুন করে আবেদন নেওয়া হবে না; কেবল আগে আবেদন করা যোগ্য ব্যক্তিদের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
সময়সীমা ও বৃহত্তর পরিকল্পনা
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তবে প্রদেশভেদে মনোনয়ন ও আবেদনপ্রক্রিয়া ভিন্ন হওয়ায় এই তারিখকে সবার জন্য আবেদন জমার শেষ সময় হিসেবে ধরা যাবে না।
কানাডার বৃহত্তর পরিকল্পনায় ২০২৭ সালে এককালীন বিশেষ ব্যবস্থায় অতিরিক্ত সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের জন্য ১ লাখ কোটা রাখা হয়েছে। বাকি ১ লাখের মধ্যে রয়েছে:
- হংকংয়ের বাসিন্দাদের জন্য ৩২ হাজার।
- ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০।
- মানবিক বিবেচনায় যোগ্য আবেদনকারীদের জন্য ১২ হাজার ৬০০।
- কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের পরিবারের নির্দিষ্ট সদস্যদের জন্য ৪৫ হাজার সুযোগ।