এসেক্স থেকে একাই ৩৭ মাইল ট্রেন ভ্রমণে লন্ডনে বিড়াল ‘জিউস’, কর্মীদের সহায়তায় ফিরল বাড়ি

Share

তিনতন্ত্র আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের এসেক্স থেকে একাই ট্রেনে চড়ে প্রায় ৩৭ মাইল (প্রায় ৫৯ কিলোমিটার) পথ পাড়ি দিয়ে লন্ডনে পৌঁছে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে ‘জিউস’ নামের চার বছর বয়সী এক বিড়াল। পরে স্টেশন কর্মীদের সহায়তায় নিরাপদে আবার নিজ বাড়িতে ফিরে গেছে বিড়ালটি।

সংবাদমাধ্যম ও স্থানীয় রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর সন্ধ্যায় এসেক্সের ব্রেন্ট্রি এলাকা থেকে ‘গ্রেটার অ্যাংলিয়া’র একটি ট্রেনে উঠে পড়ে জিউস এবং লন্ডনের লিভারপুল স্ট্রিট স্টেশনে গিয়ে নামে। ট্রেনে একটি বিড়ালের থাকার খবর পেয়ে রেলের কন্ট্রোল টিম সতর্ক হয় এবং স্টেশনে পৌঁছানোর পর কর্মীরা জিউসকে নিরাপদে একটি অফিসে নিয়ে যান।

জিউসের গলার বেল্টে থাকা ট্যাগ ও কিউআর কোডের মাধ্যমে তার মালিক লিলি বারোজের সঙ্গে যোগাযোগ করেন স্টেশন কর্মীরা। মালিকের পক্ষে ওই সময় গিয়ে বিড়ালটিকে নিয়ে আসা সম্ভব না হওয়ায় রেলকর্মীরা পরবর্তী ট্রেনে করে তাকে নিরাপদে ব্রেন্ট্রিতে ফিরিয়ে দেন। পথে স্টেশনের কর্মী ও সহযাত্রীদের দেওয়া মনোযোগ ও আদর বেশ উপভোগ করেছে জিউস বলে জানিয়েছে গ্রেটার অ্যাংলিয়ার মুখপাত্র।

বিড়ালটির মালিক লিলি বারোজ জানান, জিউস অত্যন্ত মিশুক ও ভ্রমণপ্রিয় স্বভাবের এবং ঘরের ভেতর আটকে রাখলে সে অস্থির হয়ে পড়ে। এর আগেও সে ট্রেনে করে ভ্রমণ করেছে, তবে লন্ডন যাত্রাই ছিল তার সবচেয়ে দীর্ঘ ভ্রমণ। বিড়ালটিকে নিরাপদে ফিরিয়ে দেওয়ায় রেলকর্মী ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।