দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়ার ক্ষোভে স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

Share

পারিবারিক কলহের জেরে দুই স্ত্রীকে হত্যা ও গুম: ঝাড়খণ্ডে দুই ভাইসহ গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় পারিবারিক বিরোধের জেরে দুই সহোদর ভাই নিজেদের স্ত্রীকে হত্যা করে মরদেহ পাশের জেলার জঙ্গলে পুঁতে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের পাশাপাশি তাদের বাবা-মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। গ্রেপ্তারকৃতরা হলেন অভিযুক্ত দুই ভাই শিব শঙ্কর সাহু ও নবীন সাহু, তাদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবী।

গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, পেশায় অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর ও তার ভাই নবীন গত সোমবার নিজেদের স্ত্রীদের হত্যা করেন। হত্যার পর শিব শঙ্করের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পাশের সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটিচাপা দেন তারা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই জা-এর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও ঝগড়া চলছিল, যা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তবে হত্যাকাণ্ডের দুই দিন আগেই দুই নারীর মধ্যে বিরোধ মিটমাট হয়ে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, মঙ্গলবার দুই ভাই প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে জানান যে তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। কিন্তু দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা হত্যার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিমডেগা জেলার জঙ্গল থেকে মাটি খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের দিন সোমবার সকাল ৯টার দিকে নিহত নারীদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং তখন পরিস্থিতি স্বাভাবিক বলেই মনে হয়েছিল।

ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার এবং মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনতন্ত্র