প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী অভিবাসী নেবে কানাডা, অগ্রাধিকার পাবেন কারা?

Share

আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসনব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত, টেকসই ও অর্থনৈতিক চাহিদাভিত্তিক করতে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে কানাডার ফেডারেল সরকার। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছর প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার (তিন বছরে মোট ১১ লাখ ৪০ হাজার) নতুন স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর) গ্রহণ করবে দেশটি। একই সময়ে প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা—অর্থাৎ বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় যাওয়ার সুযোগ পাবেন।

গত ৫ নভেম্বর কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রণালয় (আইআরসিসি) এ পরিকল্পনা ঘোষণা করে। দেশের অর্থনৈতিক চাহিদা, শ্রমবাজারের পরিস্থিতি, আবাসনসংকট এবং সরকারি সেবার ওপর চাপ বিবেচনায় নিয়ে এই রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইআরসিসি।

অর্থনৈতিক অভিবাসনে জোর ও অস্থায়ী বাসিন্দাদের সুযোগ

২০২৭–২৯ সালের অভিবাসন স্তর পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী তিন বছরে মোট স্থায়ী বাসিন্দাদের ৬৪ শতাংশের বেশি অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা প্রতিবছর ৩ লাখ ৭০ হাজারে স্থিতিশীল রাখা হবে, যার মধ্যে ২ লাখ ২০ হাজার বিদেশি কর্মী এবং ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী অন্তর্ভুক্ত থাকবেন। সরকারের মতে, অস্থায়ী বাসিন্দাদের আগমন নিয়ন্ত্রণের মাধ্যমে আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ওপর চাপ কমানো সম্ভব হবে।

২ লাখ অস্থায়ী বাসিন্দার স্থায়ী হওয়ার বিশেষ ব্যবস্থা

নতুন পরিকল্পনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—কানাডায় ইতিমধ্যে বসবাসরত প্রায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে বিশেষ ব্যবস্থায় স্থায়ী বাসিন্দা করার উদ্যোগ। কেবল ২০২৭ সালের জন্য প্রযোজ্য এই অতিরিক্ত সুযোগ দুটি ভাগে বাস্তবায়ন করা হবে:

  • কর্মী ও পরিবার: প্রথম ভাগে ১ লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বাসিন্দা করা হবে। যাঁরা ইতিমধ্যে কানাডার অর্থনীতিতে অবদান রাখছেন, প্রদেশ ও অঞ্চলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি) এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের (এআইপি) মাধ্যমে তাঁদের বাছাই করা হবে।
  • মানবিক বিবেচনা: দ্বিতীয় ভাগে দীর্ঘদিন ধরে কানাডায় বসবাসরত এবং মানবিক ও পারিবারিক কারণে স্থায়ী বসবাসের অপেক্ষায় থাকা আরও ১ লাখ ব্যক্তিকে স্থায়ী বাসিন্দা করার পরিকল্পনা রয়েছে। এর আওতায় হংকংয়ের বিশেষ পথ, ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচি এবং মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় (এইচঅ্যান্ডসি) যোগ্য আবেদনকারীদের বিষয়টি গুরুত্ব পাবে।

অগ্রাধিকার পাবেন যাঁরা

  • দক্ষ কর্মী (এক্সপ্রেস এন্ট্রি): স্বাস্থ্যসেবা, গবেষণা, প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের আকৃষ্ট করতে এক্সপ্রেস এন্ট্রির ভূমিকা আরও বাড়ানো হচ্ছে। ক্যাটাগরিভিত্তিক নির্বাচনের পাশাপাশি কম্প্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমে (সিআরএস) পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
  • ফরাসি ভাষাভাষী: কুইবেকের বাইরে ফরাসি ভাষাভাষী (ফ্রাঙ্কোফোন) অভিবাসীর হার ক্রমান্বয়ে বাড়িয়ে ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালের মধ্যে অন্তত ১২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
  • প্রদেশ ও গ্রামীণ অঞ্চল: গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে পিএনপি ও এআইপির আওতায় অভিবাসীর সংখ্যা বাড়ানো হবে এবং ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট’ কর্মসূচিকে স্থায়ী করা হবে।

নতুন এই পরিকল্পনার মাধ্যমে কানাডা সরকার ২০২৭ সালের পর স্থায়ী বাসিন্দাদের বার্ষিক আগমন দেশের মোট জনসংখ্যার ১ শতাংশের নিচে রাখতে চায়। তবে বিশেষ ২ লাখ ব্যক্তিকে স্থায়ী করার উদ্যোগের বিস্তারিত যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি সম্পর্কে পরবর্তী সময়ে নির্দেশনা প্রকাশ করবে আইআরসিসি।