ছবি : সংগৃহীত

বন্যাকবলিত ১১ জেলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মাঠে বিজিবি

Share

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় দেশের ১১ জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা প্রদান, যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাহিনীটি।

বিজিবি জানায়, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর—এই ১১ জেলায় দুর্যোগ মোকাবিলায় কার্যক্রম চলমান রয়েছে। এসব এলাকায় মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাহিনীটি এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ছয় শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ৪৮ জনকে দেওয়া হয়েছে জরুরি চিকিৎসাসেবা।

এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে উপড়ে পড়া গাছপালা ও ধ্বংসাবশেষ সরিয়ে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে বিজিবি। একই সঙ্গে কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের চলাচল নিরাপদ রাখা যায়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ বা মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জন্য উদ্ধার, ত্রাণ ও চিকিৎসাসহ সব ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।