সাত্তার বাকস যদি ঢাকার হতো তবে যেভাবে আইনি লড়াই করতো:
বিশ্বখ্যাত আমেরিকান কফি ব্র্যান্ড ‘স্টারবাকস’ (Starbucks)–যাদের সবুজ রঙের গোল লোগোয় এক রহস্যময় মৎস্যকন্যা হাতছানি দিয়ে এক কাপ প্রিমিয়াম কফির নিমন্ত্রণ জানায়, আর যার এক কাপের চড়া দামে পাড়ার টং দোকানে অনায়াসে জনাচল্লিশেক মানুষের চা-সমাবেশ ঘটিয়ে ফেলা সম্ভব। অন্যদিকে, ঠিক সেই লোগোর আদলে সবুজ বৃত্তের ভেতর একখানা ইয়া বড় মোচওয়ালা হাস্যোজ্জ্বল মুখ বসিয়ে, মেলামাইনের কাপে ধোঁয়া ওঠা চা আর গরম শিঙাড়া হাতে মোড়ের মাথায় সদর্প রাজত্ব করছেন আমগো ‘সাত্তার বাকস’। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে ট্রেডমার্ক আর মেধা স্বত্বের আইনি লড়াইয়ের কড়া বার্তা যখন বাতাসে ভাসছে, তখন কল্পনা করুন তো—একদিন যদি বিশ্বখ্যাত স্টারবাকসের বাঘা বাঘা করপোরেট উকিলরা এসে আমাদের সাত্তার ভাইয়ের চায়ের দোকানে সামনাসামনি আইনি নোটিশ ধরায়, তবে ঠিক কী কাণ্ডটাই না ঘটবে!
মামলার প্রথম এবং প্রধান আলামতই হলো গোল লোগো বিতর্ক। স্টারবাকসের আইনজীবীর গর্জন—”আমাদের বিশ্বজনীন সবুজ বৃত্তের ভেতরের প্রতীক সামুদ্রিক দেবী ‘সাইরেন’, আর এই সাত্তার বাকস আমাদের আইকনিক ডিজাইন চুরি করে ভেতরে মোচওয়ালা এক লোকের ছবি বসিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে!” ওদিকে সাত্তার ভাইয়ের পক্ষে দাঁড়ানো আমাদের পাড়ার উকিল চশমাটা নাকের ডগায় নামিয়ে শান্ত গলায় উত্তর দেবেন—”মহামান্য আদালত, আমার মক্কেল সাইরেন চেনেন না, উনি চেনেন মোড়ের মাথায় সাইরেন বাজানো অ্যাম্বুলেন্স। সবুজ বৃত্তটি মূলত আমাদের শ্যামল বাংলাদেশের প্রতীক, আর ভেতরে যার ছবি দেখছেন—তিনি কোনো গ্রিক দেবী নন, স্বয়ং সাত্তার ভাই! ওনার ওই রেশমি গোঁফ আর হাতে ধরা চায়ের কাপ শতভাগ খাঁটি ও আসল। স্টারবাকসের জলপরীর কি এমন তরতাজা গোঁফ আছে? নেই! সুতরাং এখানে বিভ্রান্তির কোনো অবকাশই নেই।”
লোগোর গ্যাঁড়াকল পেরিয়ে যখন মেন্যু ও দামের তালিকায় চোখ পড়বে, তখন স্বয়ং বিচারকের চোখও কপালে উঠতে বাধ্য! একদিকে স্টারবাকসে ‘টল’, ‘গ্রান্দে’ বা ‘ভেন্তি’ আকারের একেক কাপ আইসড লাতের দাম হাঁকানো হয় পাঁচশো থেকে আটশো টাকা; অন্যদিকে সাত্তার বাকসের ক্যাটাগরি হলো ‘হাফ কাপ’, ‘ফুল কাপ’ কিংবা ‘মামা একটু কড়া করি’, যার সর্বোচ্চ দাম ১০ থেকে ১৫ টাকা। তা ছাড়া স্টারবাকসের গ্রাহকরা ধোঁয়া ওঠা কফির সাথে বিনামূল্যে ওয়াইফাই ভোগ করেন, আর সাত্তার বাকসের গ্রাহকরা ১০ টাকার আদা-চা আর টোস্ট বিস্কুটের সাথে পান বিনামূল্যে পাশের লতিফ ভাইয়ের গরম গরম রাজনৈতিক বয়ান এবং দৈনিক খবরের কাগজ পড়ার অবাধ স্বাধীনতা!
সাত্তার ভাই তো বিজ্ঞ আদালতকে স্পষ্টই জানিয়ে দেবেন—”যে খদ্দের আটশো টাকা দিয়ে তেতো কফি খাবে, সে জীবনেও আমার ১০ টাকার লাল চা খাইতে এই গলিতে ঢুকবে না; আর আমার যে খদ্দের, সে ‘গ্রান্দে’ বা ‘ভেন্তি’ উচ্চারণ করতে গিয়ে মুখের দাঁত ভাঙবে না, সে সোজা আইসা বলবে—‘সাত্তার ভাই, চায়ে চিনি কম, কড়া করে একটা মারেন!’ সুতরাং কাস্টমার ভাগিয়ে নেওয়ার অভিযোগ একদম ভিত্তিহীন!”
এমনকি নামের উৎসেও দুই পক্ষের আকাশ-পাতাল তফাত বিদ্যমান। স্টারবাকস তাদের নামের উৎপত্তি হিসেবে মার্কিন সাহিত্যিক হারমান মেলভিলের বিখ্যাত উপন্যাস ‘মোবি ডিক’-এর জাহাজী চরিত্র ‘স্টারবাক’-এর ঐতিহ্য দাবি করে। আর আমাদের সাত্তার বাকসের ইতিহাস শতভাগ মাটির গন্ধমাখা—সাত্তার ভাইয়ের বাবার আকিকার দেওয়া নাম ছিল ‘আব্দুস সাত্তার’, আর বাপ-দাদারা পুরান ঢাকায় চাল-ডালের ব্যবসা করতেন বলে মহল্লায় তাদের ডাকা হতো ‘বাক্স গোষ্ঠী’ বা ‘বাকস বংশ’ নামে; ব্যাস, সেই ‘সাত্তার’ আর ‘বাকস’ মিলেই আজকের ‘সাত্তার বাকস’!
করপোরেট নিয়মের যাঁতাকলে স্টারবাকসে নাম বললে তারা কাপের ওপর নামের বানানের ১২টা বাজিয়ে ভুল বানানে কফি বাড়িয়ে দেয়, আর সাত্তার বাকসে ঢোকামাত্রই হাঁক আসে—”আরে ভাইজান, আসেন আসেন! কতদিন পর! শরীর ভালো তো?” ট্রেডমার্ক আইনের ধারায় পেপারওয়ার্ক আর নোটিশের লড়াই যাই বলুক না কেন, দিনশেষে আসল রায় দেবে জনতা—স্টারবাকস হয়তো রাজত্ব করবে শীতাতপ নিয়ন্ত্রিত অভিজাত ক্যাফেতে, কিন্তু মোড়ের মাথার আন্তরিক মেহমানদারি আর ১০ টাকার ধোঁয়া ওঠা লাল চায়ের ‘সাত্তার বাকস’ অমলিন হয়ে টিকে থাকবে আমাদের হৃদয়ের রাজপ্রাসাদে!
লিখেছেন:
রেজাউল সরকার রনি,
নির্বাহী সম্পাদক, তিনতন্ত্র