তিনতন্ত্র অনলাইন ডেক্স: ‘আমাকে একজন আবু বকর এনে দাও’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আকাঙ্ক্ষা প্রকাশ করে নানা পোস্ট, মন্তব্য ও ভিডিও শেয়ার করছেন অনেকে। বিশেষ করে নারী দর্শকদের আলোচনায় উঠে এসেছে পাকিস্তানি নাটকের এক চরিত্র। নাম তাঁর আবু বকর। তবে তিনি বাস্তবের কোনো ব্যক্তি নন, একটি টেলিভিশন নাটকের কাল্পনিক চরিত্র।
পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক ‘দার-এ-নাজাত’ (Dar-e-Nijaat)-এ আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার (Sheheryar Munawar)। নাটকটির চিত্রনাট্য লিখেছেন উমেরা আহমেদ, পরিচালনা করেছেন সাকিব খান।
নাটকে আবু বকরকে ধৈর্যশীল, দায়িত্বশীল, সহানুভূতিশীল ও সংযত স্বভাবের মানুষ হিসেবে দেখানো হয়েছে। অন্যের অনুভূতির প্রতি সম্মান, কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা এবং সম্পর্কে দায়িত্বশীল আচরণের কারণেই চরিত্রটি দর্শকের নজর কেড়েছে।
নাটকের নারী দর্শকদের একটি অংশ আবু বকরের মতো জীবনসঙ্গী পাওয়ার প্রত্যাশা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই চরিত্র নিয়ে তৈরি হচ্ছে নানা রিলস, মিম ও ভিডিও। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে চরিত্রটির জনপ্রিয়তা।
তবে অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার নিজেও মনে করেন, চরিত্রটি পুরোপুরি নিখুঁত নয়। ২৯ অক্টোবর বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি আবু বকরকে ‘পিপল-প্লিজার’ হিসেবে বর্ণনা করেন। অর্থাৎ অন্যকে সন্তুষ্ট রাখতে গিয়ে তিনি নিজের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন না। অভিনেতার ভাষ্য অনুযায়ী, চরিত্রটির মধ্যে ‘সেভিয়ার কমপ্লেক্স’ বা অন্যকে রক্ষা করার অতিরিক্ত প্রবণতাও রয়েছে।
আবু বকরকে ঘিরে এই আলোচনা কেবল একজন অভিনেতার অভিনয়দক্ষতার প্রশংসায় সীমাবদ্ধ নেই। সম্পর্ক, পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও জীবনসঙ্গীর প্রত্যাশা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সব মিলিয়ে, ‘আমাকে একজন আবু বকর এনে দাও’—এই আকাঙ্ক্ষার পেছনে রয়েছে এমন একজন মানুষের প্রত্যাশা, যিনি সম্পর্কে শুধু ভালোবাসার কথা বলবেন না, আচরণেও তার প্রতিফলন ঘটাবেন।