বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন সংগীতশিল্পী ন্যানসি

Share

বিনোদন প্রতিবেদক: দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে ন্যানসি জানান, তিনি এবং তাঁর স্বামী মেহেদি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টে ন্যানসি লেখেন, যে যাত্রা একসময় তাঁদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। বহু বছরের স্মৃতি ও অভিজ্ঞতার পর তাঁরা এখন ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে এই সংগীতশিল্পী বলেন, ‘যাঁরা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে ছিলেন, তাঁদের সবার কাছে এই সময়ে আমি আপনাদের সহানুভূতি, শ্রদ্ধা এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।’

নতুন জীবনের প্রত্যাশা জানিয়ে ন্যানসি আরও লেখেন, ‘জীবনের পথ নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, নতুন এই অধ্যায়টিকে আমি শক্তি, মর্যাদা এবং প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’