বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার আশ্বাস দিয়েছে কানাডা। একই সঙ্গে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগ, নিরাপদ অভিবাসন উৎসাহিত করা এবং সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ এ আশ্বাস দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু নিশ্চিত করেছেন।
বৈঠকে অনিয়মিত অভিবাসন রোধ, দক্ষ জনশক্তি রপ্তানি, সাইবার নিরাপত্তা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট সমাধানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও কানাডাকে দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। জবাবে ওয়েলডন এপ জানান, কানাডা বর্তমানে অভিবাসন নীতিতে ভারসাম্য আনলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী এবং এ লক্ষ্যে ভিসা প্রক্রিয়া আরও সহজতর করা হবে।
আলোচনায় কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট ও হসপিটালিটি খাতে বাংলাদেশের বিপুল প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে বাংলাদেশে প্রশিক্ষক পাঠিয়ে কিংবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি স্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় জনবল তৈরি করে নিতে পারে। এ প্রস্তাবকে ইতিবাচক হিসেবে অভিহিত করে ওয়েলডন এপ জানান, কানাডার অর্থনীতিতে নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে।
বৈঠকে কোস্টগার্ডের জন্য নদী ও উপকূলীয় টহলযান এবং পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম সংগ্রহে সর্বাধুনিক প্রযুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মিয়ানমারকেন্দ্রিক সাইবার প্রতারণা, মাদক ও মানবপাচারকে গুরুতর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করে এসব অপরাধ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার জানান, অভিবাসীর সংখ্যা সীমিত করা সত্ত্বেও কানাডা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের পুনর্বাসনের সংখ্যা বাড়িয়েছে এবং সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় করতে কাজ করছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, যাতে রোহিঙ্গারা নাগরিকত্ব ও নিরাপদ জীবিকার নিশ্চয়তা নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারে।
বৈঠকে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন ও ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।