আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে রংপুরের আবু সাঈদ ও নারায়ণগঞ্জের ছয় বছর বয়সী এক শিশুসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই পরিসংখ্যান ও তৎকালীন নিরাপত্তা বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর এমন বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়।
‘ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের বর্তমান রাজনীতি, গণতান্ত্রিক উত্তরণ, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেক এই মার্কিন কূটনীতিক।
জুলাই অভ্যুত্থান ও প্রাণহানির চিত্র
বক্তব্যে হ্যারি টমাস বলেন, ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী, ওই সময় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে, যাঁদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। পাশাপাশি সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য ও নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হওয়ার তথ্যও তুলে ধরেন তিনি।
আবেগঘন কণ্ঠে তিনি বলেন, প্রতিটি সংখ্যার পেছনে একটি করে জীবন রয়েছে। রংপুরে দুই হাত প্রসারিত করে দাঁড়ানো শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছে এবং নারায়ণগঞ্জে ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় ছয় বছরের একটি শিশু প্রাণ হারিয়েছে। মূলত তাঁদের এই আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন, গণতন্ত্র ও রাজনৈতিক বিভাজন দূর করার আহ্বান
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, গণতন্ত্র বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না; দেশের মানুষই তা বেছে নেয়। গত ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিয়েছে। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে যার যা-ই মত থাকুক, ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরকে সবার স্বীকৃতি দেওয়া উচিত।
দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দূরত্ব কমিয়ে আনার তাগিদ দিয়ে তিনি বলেন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি সংসদে বিরোধী দলের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামীর সঙ্গেও রাজনৈতিক বিভাজন রয়েছে। এ ছাড়া প্রথাগত আমলাতন্ত্র ও তরুণ প্রজন্মের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে, ‘এক পক্ষের জয় মানেই অন্য পক্ষের হার’—এমন পুরোনো প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মানবাধিকার, অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্ক
নতুন সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ তুলে ধরে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, বিরোধী মতের ব্যক্তিদের যথেচ্ছ আটক ও মানবাধিকার সুরক্ষার দুর্বলতা রাজনৈতিক দমন-পীড়নের চক্রকে জিইয়ে রাখছে। ২০২৪ সালের হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে হলে অভিযোগ ছাড়া কাউকে আটকে না রেখে সংবিধান ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে স্বচ্ছ বিচার করতে হবে।
অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি উচ্চ মূল্যস্ফীতি, দারিদ্র্য, ব্যাংক খাতের চাপ ও রাজস্ব আদায়ের দুর্বলতার কথা উল্লেখ করেন। তবে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোকে বাংলাদেশের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করে এই সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণের পরামর্শ দেন তিনি।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে হ্যারি টমাস স্পষ্ট করেন যে, ওয়াশিংটন কখনোই বাংলাদেশ থেকে সরে যায়নি; রোহিঙ্গা সহায়তা ও স্বাস্থ্য খাতে মার্কিন সহযোগিতা অব্যাহত রয়েছে। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ও মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ঢাকা কৌশলগত ভারসাম্য বজায় রেখেই সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।